পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আগামী ১৫ মার্চের টিকিট। দুপুর ২টা থেকে হচ্ছে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে।
এর আগে মঙ্গলবার ১৩ মার্চের আর বুধবার বিক্রি হয় ১৪ মার্চের অগ্রিম টিকিট। আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলওয়ে অপারেশন বিভাগ সূত্র জানিয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। দুই অঞ্চলে ভাগ করে চলছে টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ কিনতে পারবেন একবার। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।