নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)পুলিশ হেডকোয়াটার্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ৯০ ভাগ কেন্দ্র সিসিটিভিও আওতায় নিয়ে আসা হয়েছে। কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স; সব মিলিয়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনে নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
তিনি বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ।
তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে উল্লেখ করে আইজিপি আরও বলেন, ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩। এ সময় তিনি জানান, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে।