নির্বাচনে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট ভোটকেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আসন্ন নির্বাচনকে পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ উল্লেখ করে আইজিপি বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা, ভ্রাম্যমাণ টিম ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার বাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।