পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের ঢলে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে পদ্মা সেতু দিয়ে ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। যার ফলে দুই প্রান্তের টোল প্লাজা থেকে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এ বিপুল পরিমাণ যানবাহন পারাপার ও অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই প্রান্তেই বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাওয়া প্রান্তে ২৮ হাজার ৩৯০টি গাড়ি পারাপারের মাধ্যমে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১৩ হাজার ৪৯৫টি গাড়ি পারাপারের মাধ্যমে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা টোল সংগ্রহ করা হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, বিশেষ প্রস্তুতির ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোটরসাইকেলের জন্য পৃথক লেন এবং অতিরিক্ত টোল বুথ চালু রাখার কারণে যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন না।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকেই কোনো ধরনের যানজট ছাড়াই সব ধরনের গাড়ি পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় টোল প্লাজা এলাকায় বিশেষ পর্যবেক্ষণ টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন। যাতে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।