জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরাঁ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছেছেন। আজ বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন এবং ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কুশল বিনিময় করবেন। এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। সংগে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।
এর আগে আজ ১২টা ৪৮ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসেন। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর সড়কপথে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিবকে নিয়ে বিমানবন্দরের নবনির্মিত রানওয়ে পরিদর্শন করেন। বিকেলে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।