শনিবার দ্বিতীয় দফায় নির্বাচনী সমাবেশ করতে উত্তরাঞ্চলে যাবেন তারেক রহমান। দলের মিডিয়া সেল একথা জানিয়েছে। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, শনিবার হেলিকপ্টারে যাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে নির্বাচনী বিএনপি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে প্রথম দফায় গত ২৯ জানুয়ারি সড়ক পথে উত্তরাঞ্চলে যান তারেক রহমান। ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া, ৩০ জানুয়ারি রংপুর ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নির্বাচনী জনসভা করেন তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেটে আলীয়া মাদরাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়নগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর, ঢাকার উত্তরায় নির্বাচনী সমাবেশ করেন তিনি। গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে সারাদেশে ২৪ টি নির্বাচনী জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭‘র কড়াইল ও বনানীতে দুই টি নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।

এদিকে সারাদেশে নির্বাচনী প্রচারাভিযান শেষ করে আগামী রোববার ঢাকায় জনসভা করবেন তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিঙে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। তিনি বলেন, ঢাকা মহানগরীতে বিএনপির সর্বশেষ নির্বাচিন সমাবেশ হবে ৮ তারিখ।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই নির্বাচনি জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রিজভী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারির জনসভা অত্যন্ত সাফল্যমন্ডিত হবে। যৌথ সভায় আমাদের সকল অঙ্গ ও সহেযোগী সংগঠনের নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঢাকার ২০ আসনের দলীয় প্রার্থীরা এই সমাবেশে উপস্থিত থাকবেন।