বরিশাল অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতার হাট আরসি কলেজ মাঠে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোট নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে।
জামায়াত আমীরের মেহেন্দিগঞ্জ আগমন এবং নির্বাচনী জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান জানান। একইসঙ্গে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবস্থাগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জ সফর এটাই প্রথম। এর আগে দলটির সাবেক আমীর মরহুম অধ্যাপক গোলাম আযম এবং সাবেক আমীর মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় এসেছিলেন। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেহেন্দিগঞ্জ গিয়েছেন। বেগম জিয়ার সফরের পর কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মেহেন্দিগঞ্জ সফর এই প্রথম। যার ফলে এটা মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বের ও প্রতিক্ষার বিষয় হিসেবে দেখছেন অনেকেই।
মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রবীন বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জ আসছেন এটা আমাদের সত্যিই গর্বের বিষয়। উলানিয়ার তরুন ভোটার রিয়াজুল ইসলাম বলেন, আমরা গর্বিত যে, ডা. শফিকুর রহমানের মতো একজন জাতীয় নেতা এখানে আগমন করবেন।
পিরোজপুর
পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুরে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের জনসভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জনসভার সর্বশেষ প্রস্তুতি অবস্থা দেখতে মাঠে গেলে দেখা যায় মহিলাদের জন্য পৃথক বসার জায়গা রাখা হয়েছে। দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য মঞ্চ তৈরি, সাধারণ শ্রোতাদের জন্য স্থান, নিরাপত্তা বেষ্টনী, মাইক লাগানোর কাজ, সবকিছু শেষ পর্যায়ে চলছে। আয়োজকদের আজকের জনসমাবেশে এক লক্ষের উপরে নারী-পুরুষের জমায়েত করার পরিকল্পনা রয়েছে। পিরোজপুরের সাতটি উপজেলা থেকে প্রচুর লোক সমাবেশে উপস্থিত হবেন বলে আয়োজকদের প্রত্যাশা। আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এই জনসমাবেশ থেকে পিরোজপুর জেলাবাসীর উদ্দেশ্য একই নির্দেশনা দেন সেই কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিরোজপুর জেলার মানুষ।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক পক্ষ।
নড়াইল সংবাদদাতা: সারা দেশে নির্বাচনী প্রচার ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আজ শুক্রবার নড়াইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শাফিকুর রহমান। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নড়াইল শহরস্থ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, আগামীকাল আজ শুক্রবার দুপুর ২টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় জামায়াত আমীর বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।
ফরিদপুর সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ।
তিনি আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর- ১ আসনের বোয়ালমারী স্টেডিয়ামে এবং ফরিদপুর-৩ আসনে রাত ৮ টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
এ বিষয়ে জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে শহরের চকবাজার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ফরিদপুর সদর আসনের জামায়াতের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, জেলা আমীর মাওলানা মোহাঃ বদরউদ্দিন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব ।
আমীরে জামায়াত ফরিদপুরের দুটি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন, একটি বোয়ালমারী স্টেডিয়ামে সন্ধ্যায় অপরটি সদর আসনের শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে রাত ৮ টায়।