বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের দুর্নীতিব্যবস্থার চিরতরে অবসান ঘটানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় ঐক্য জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমির উদ্দিন মুন্সীর হাট বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, “আমরা দুর্নীতিকে চিরতরে বন্ধ করে দেব। শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে দেশের উন্নয়ন এমনভাবে এগোবে, যা গুনেও শেষ করা যাবে না।”
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ছিল ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখজনকভাবে গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতির মাধ্যমে দেশকে একটি ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত করেছে।
তিনি আরও বলেন, “যারা গণভোটে ‘না’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে, তারা প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। যারা বারবার ক্ষমতায় থেকেও দেশ ও মানুষের কল্যাণে ব্যর্থ হয়েছে, এবার তাদের নয়—নতুন বাংলাদেশের জন্য যারা কখনো ক্ষমতায় আসেনি, তাদের হাতেই দায়িত্ব তুলে দিতে হবে।”
ডা. মো. ফখরুদ্দিন মানিক ভোটারদের উদ্দেশে বলেন, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়—দেশের ভবিষ্যৎ, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনভাবে ভোট দেওয়ার সময় এসেছে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। দিনব্যাপী সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি, আমিরাবাদ ও সোনাগাজী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি আব্দুর রহীম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফাসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।