এস,এম মোস্তাফিজুর রহমান
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, “বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর আওয়ামী লীগের আমলে দেশ চোরের খনিতে পরিণত হয়েছে। আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি, সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে কাদাকাটি এবং সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কুল্যা মোড়, গুনাকরকাটি বাজার ও কাদাকাটি বাজারে গণসংযোগ করেন এবং দরগাহপুরে এক মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।
মুহাদ্দিস রবিউল বাশার বলেন, নির্বাচিত হলে তিনি এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তা-ঘাট সংস্কার এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসায় সরকারি বরাদ্দ সঠিকভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমি এক টাকারও দুর্নীতি করবো না।” আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আব্দুল গনির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান এবং গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপক কুমার মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।