গণভোটে হ্যাঁ এবং জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম ভূঞার সমর্থনে কয়েক হাজার নারী ভোটারের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শহর মহিলা বিভাগের উদ্যোগে শহরের শিক্ষাচত্বর এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট আরশীনগর রেলক্রসিং, বড় বাজার এবং বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে সাটিরপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বয়সী নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা জামায়াতে ইসলামীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নারীদের সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নারীদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জামায়াতে ইসলামী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা। উপস্থিত নারীরা দাবি করেন, এসব অপপ্রচার চালিয়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না; বরং জামায়াতই নারীদের জন্য সবচেয়ে নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম।
নির্বাচনকে সামনে রেখে নারীদের এই বিশাল সমাগম জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহরের প্রধান সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল স্থানীয় প্রশাসন।