বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগনের ভোটে আল্লাহ যদি জামায়াতকে ক্ষমতায় আনেন, তাহলে সকলের জন্য ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন—দূর্নীতি বরদাস্ত করা হবে না। সাধারণ নাগরিক হোক বা রাষ্ট্রের উচ্চ পদে থাকা কর্মকর্তা, কেউ লুটপাট করলে বিচারের আওতায় আসবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ আর আগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট সহ্য করবে না এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ‘লালকার্ড’ দেখাবে।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশকে মদিনার আদলে গড়ে তোলা হবে। রাত দিন যেকোনো সময়ে নারী নিরাপদে বাইরে চলাফেরা করতে পারবে। কেউ যদি নারীর সম্মানহানি করার চেষ্টা করে, তা কঠোরভাবে দমন করা হবে। আমরা বেকারদের জন্য বৃত্তি বা ভাতা নয়—সুশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তাদের গর্বের সঙ্গে দেশের জন্য কাজ করার সুযোগ দিতে চাই। শিশু থেকে প্রবীণ নাগরিক পর্যন্ত সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “দূর্নীতি, ব্যাংক লুটপাট বা সন্ত্রাস না থাকলে দেশের উন্নয়ন রকেটের গতিতে এগোবে। আমাদের যুবকেরা সাহসী, উদ্যোমী এবং সৃজনশীল—তাদের কেবল সুশিক্ষা ও সুযোগের প্রয়োজন।”
ডা. শফিকুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দেশের মানুষ মুক্তভাবে কথা বলছে, সভা সমাবেশে মা-বোনেরা অংশ নিচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ফলাফল হাতে পাওয়া না যাওয়া পর্যন্ত আল্লাহর প্রতি আস্থা রেখে কাজ চালিয়ে যাবার জন্য দেশপ্রেমিক ছাত্রজনতার প্রতি আমি আহ্বান জানাই।”
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন—
ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাগপা সভাপতি রাশেদ প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, আতিকুল ইসলাম রাসেল ও এনসিপি আহ্বায়ক আব্দুল মান্নাফ।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান নাটোর-১ আসনের জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং নাটোর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে দলীয় পত্রিকাদি হস্তান্তর করেন।
তিনি এ উপলক্ষ্যে উল্লেখ করেন, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁয়ও নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।