ন্যায় ও ইনসাফভিত্তিক নিরাপদ, সমৃদ্ধ, উন্নত ও মানবিক ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর নুর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্থানীয় জনগণের সামনে ১২ দফাভিত্তিক এই ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারে ‘সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলা হয়, মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কওমি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়।

ইশতেহারের অন্যান্য দফার মধ্যে রয়েছে—কর্মহীনতা, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীনতা ও চিকিৎসা বঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা; জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মান-মর্যাদা রক্ষা ও পুনর্বাসন; চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং সম্পূর্ণ নির্মূল; জলাবদ্ধতা নিরসন, খাল খনন, আধুনিক পয়ঃনিষ্কাশন, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা।

এছাড়া পরিকল্পিত নগরায়ন, আধুনিক হাসপাতাল নির্মাণ ও ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরাপদ পানি, গ্যাস ও ইন্টারনেট সুবিধা প্রদান, স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা ও পরিবারভিত্তিক কর্মসংস্থান প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ শহর গড়ে তোলা, বন্ধ কলকারখানা পুনরায় চালু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

ইশতেহার ঘোষণার পর স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ কামাল হোসেন এবং ইশতেহার বাস্তবায়নে তার সুস্পষ্ট ও ব্যাপকভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি এবং ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালাম।

এছাড়াও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর ও ঢাকা-৫ আসন কমিটির সদস্য সচিব মো. শাহজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মোখলেছুর রহমান, এবি পার্টির সমন্বয়ক লুৎফুর রহমান, এনসিপির ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিন্টুসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।