আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী–কচাকাটা) আসনে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেছেন, “নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবো না এবং অন্য কাউকেও করতে দেবো না।”
শুক্রবার বিকেলে কচাকাটা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি ক্ষমতার অধিকারী নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। উন্নয়নের নামে মিথ্যা আশ্বাস না দিয়ে বাস্তবসম্মত ও স্বচ্ছ উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। তিনি বলেন, রাস্তা-ঘাট, সেতু ও অন্যান্য উন্নয়ন খাতে যে বরাদ্দ আসবে, তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
জনসভায় তিনি কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদীর ওপর একটি সেতু নির্মাণ, সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মাঝামাঝি একটি ৩০ শয্যার হাসপাতাল স্থাপন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভার মাঠ।
এদিকে কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মাঠে সক্রিয় রয়েছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বিজয় নিশ্চিত করতে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
জামায়াতের কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ। এছাড়াও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসাইন, এনসিপির কচাকাটা থানার প্রধান সমন্বয়ক গোলাপ উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।