বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থী তথা ড. হামিদুর রহমান আযাদকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তিনি বলেন, ড. হামিদুর রহমান আযাদ এমপি হওয়া মানে একজন শক্তিশালী মন্ত্রী পাবে কক্সবাজারবাসী। তিনি বলেন, কুতুবদিয়া চার দিকে টেকসই বেড়িবাঁধ ও উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ১১ দলীয় জোটের প্রার্থী কে শক্তিশালী করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা জামায়াতের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছেন তথা জুলাই গণঅভ্যুত্থান কে অস্বীকার কারি একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করে এদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। নাহিদ ইসলাম আরো বলেন, ভারতের সাথে গোপন চুক্তি করে যারা আবারও নব্যফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের বয়কট করতে হবে। বড়ঘোপ বাজারের পশ্চিমে সাগর পাড়ে আয়োজিত বিশাল জনসভায় ড. হামিদুর রহমান আযাদ বলেন, টেকসই বেড়িবাঁধ ও কুতুবদিয়া বাসির প্রানের দাবি ফেরিঘাট এখন সময়ের দাবি। তিনি বলেন, এই দাবি বাস্তবায়ন করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ১১ দলীয় জোটের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা ইউছুফ আশরাফ বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের দোসরদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়না।
বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন এজহার বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ কে বিজয়ী করতে হবে। উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।