ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে খুলনা–৫ আসনের নির্বাচনী এলাকায় প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, নারী ভোটারদের লাঞ্ছনা এবং কালো টাকার ব্যবহার অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও অবাধ ভোটের আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি সেই আশ্বাসের সঙ্গে মেলে না। বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে বাধা, নারী কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ বিতরণ কার্যক্রম চলছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জামায়াতের অফিসিয়াল ও ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, খুলনা–৫ আসনের মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তালিকা দেওয়া হবে।

সেই সঙ্গে তিনি তার নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে সোনাগাজী ও ডুমুরিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল পুনরায় চালু করা, সড়ক সংস্কার ও স্থানীয় উন্নয়নমূলক কাজ। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।