বগুড়া অফিস: বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বিকালে উপজেলার রায়নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহাস্থান শাহ সুলতান (রহ.) ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। রায়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট শাকিল উদ্দিন।

নীলফামারী : নীলফামারীর জলঢাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর সমর্থনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির সাবেক প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং যুব শক্তির আহ্বায়ক আহসান হাবিব রক্সির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর কামরুজ্জামান, উপজেলা কমিটির সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এর নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে আশাশুনি উপজেলার জন্য নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশ করা হয়।

ফুলবাড়ী (দিনাজপুর) : আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ পদ প্রর্থীর পক্ষে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা চালিয়ে যা”েছন ধানের শীষ মার্কা প্রার্থী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান ও তার সমর্থকবৃন্দরা। আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান এর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে বিকেলে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট এলাকায় তিনি পথসভা করেন পথসভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান।

কেশবপুর (যশোর) : যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর সমর্থনে শনিবার সাগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতশত কর্মী সমার্থক মিছিল সহকারে জনসভাস্হলে উপস্থিত হয়। ইউনিয়ন সভাপতি প্রভাষক রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন জামায়াত নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে কেশবপুর, মনিরামপুর, তালা, ডুমুরিয়া, এলাকার জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ সমাজ গঠন করা হবে।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লা-২ (তিতাস- হোমনা)আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মোল্লা নাজিম উদ্দিন এর দাড়িপাল্লা প্রতীকে গণসংযোগ করেছে।

২ ফেব্রুয়ারি দিনব্যাপী তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন জগতপুর বাজার,সাগরফেনা,মঙ্গলকান্দিসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন।

এ সময়১১ দলীয় জোট থেকে মনোনীত প্রার্থী জামায়াত নেতা নাজিম উদ্দিন মোল্লা বলেন তিতাস উপজেলার গ্রামের বিভিন্ন প্রান্তরে আমি ঘুরেছি দেখেছি কৃষকের কষ্ট,রাস্তাঘাটের বেহাল দশা,চিকিৎসা ক্ষাতের অবনতি, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আগামীতে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে একটি মডেল উপজেলা উপহার দিব ইনশাআল্লাহ। মিলেমিশে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবো।

হাটহাজারী : চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ক্ষমতা অর্জনের জন্য নয়, এ এলাকার সাধারণ মানুষের খেদমত করতেই তিনি রাজনীতিতে নেমেছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে গত ১৭ বছরে হাটহাজারীর উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিয়ে এলাকাটিকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

শনিবার দিনব্যাপী হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নাটোর : নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের বিরামহীন নির্বাচনী প্রচার ও গণসংযোগ অব্যাহত রয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) নাটোরের লালপুর উপজেলার ৮নং দূরদুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গ্রামে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মাওলানা আবুল কালাম আজাদ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ব্যাপক গনসংযোগ, উঠান বৈঠক, মিছিল ও পথসভা করেছেন। বাঁশতৈল ইউনিয়ন এলাকায় এ গণসংযোগ করা হয়। সারাদিন লিফলেট বিতরণ ও ভোটারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম আজাহার এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামী নির্বাচনী মিছিল আয়োজন করে। পুরাতন কোট সাব রেজিস্ট্রার মাঠে শুরু হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটমহল চত্বরে গিয়ে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সঞ্চালনায় ছিলেন জামায়াতের সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য ও বীরযোদ্ধা মেজর আক্তারুজ্জামান (রঞ্জন), ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসান নাদিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শফিকুল ইসলাম রুহানি, এনসিপি নেতা সাইদ উজ্জ্বল, ওমর ফারুক সানি, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক (কাজল), জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলা সংবাদদাতা : ভোলায় জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়ে। বিপুলসংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। নারী জাগরণ ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় এই সমাবেশ ভোলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মো. আতাউর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হারুনুর রশিদ, জেলা মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মো. আমীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

প্রচারণার শুরুতে তিনি নওদা মিশনে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। পরে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন ষাড়বুরুজ, জনতা মোড়, ডিপপাড়া, হান্যজাল পাড়া, কৈমাড়ি, ভাগলপুর, রতনপুর, কাজিগ্রাম, কলকলিয়া পাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

সাদুল্লাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে ১ ফেব্রুয়ারি সাদুল্লাপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর এরশাদুল হক ইমনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকসু ভিপি ও কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য মোস্তাকুর রহমান জাহিদ, জকসু জিএস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, লেখক ও গবেষক আলী আহমেদ মাবরুর প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দাউদপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে সদর ইউনিয়ন, শিমুলিয়া গিয়ে শেষ হয়। গনসংযোগ ও লিফলেট বিতরণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসেন,রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক দুলাল,সেক্রেটারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন আবু তাহের মোল্লাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশগুলোতে বক্তারা দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গঠন এবং কোরআন-সুন্নাহভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

শনিবার সকাল ৯টায় হলিধানী কমিউনিটি সেন্টারে, সকাল ১১টায় উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এবং সাড়ে ১২টার দিকে সুরাট ইউনিয়নের কাষ্ঠসাগরা গ্রামে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর বলেন, দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও অবিচার আজ মহামারিতে পরিণত হয়েছে। এসব থেকে মুক্তি পেতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে আসতে হবে।

দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : জামায়াতের ঢাকা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন বলেছেন আগস্টের ছাত্র-জনতার বিপ্লব আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। যে স্বপ্নে কোনো বৈষম্য ও স্বৈরাচারী থাকবে না। এখন সময় এসেছে সেই স্বপ্নের বাস্তবায়নের। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য আসিনি, এসেছি ব্যবস্থার পরিবর্তনের জন্য। ভোট একটি পবিত্র আমানত। আপনারা যদি ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

কালিগঞ্জ, সাতক্ষীরা: সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ - আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর,রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা,নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বুধবার (২৮ শে জানুয়ারী) সকাল থেকে মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও বিকালে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে নির্বাচনীয় সমাবেশ এবং ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ,নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন

(আশাশুনি কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হলো এক বিশাল গণসংযোগ ও পথসভা। এই প্রচারণায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকায় কর্মরত এই দুই উপজেলার কৃতী সন্তান ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, চাপিলা, বিয়াঘাট, খুবজিপুর, মুশিন্দা, ধারাবারিশা এবং পৌর সদরের বিভিন্ন এলাকা ‘দাঁড়িপাল্লা’র স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত সন্তানেরা এদিন নাড়ির টানে এলাকায় ফিরে সরাসরি নির্বাচনী মাঠে নামেন। তাঁরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ১১ দলীয় জোটের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এক বিশাল পথসভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো ঘোষণা করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী ঈসমাইল হোসেন সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইমামবাড়ী ঈদগাহ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০) (গফরগাঁও দশ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা ঈসমাইল হোসেন সোহেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, আমীর পাগলা থানা মাওলানা সিরাজুল ইসলাম,সেক্রেটারি পাগলা থানা। মাওলানা আশরাফুল ইসলাম - সেক্রেটারি গফরগাঁও থানা। মাওলানা মমিনুল হক - সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস, গফরগাঁও উপজেলা শাখা। মাওলানা ইলিয়াস ফরাজি - সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখা।

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের চাম্বল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এ গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, অতীতে এই জনপদের মানুষ আমাকে সমর্থন দিয়ে উপজেলার চেয়ারম্যান বানিয়ে সেবা করার সুযোগ দিয়েছে। জনপদের পরীক্ষিত খাদেম হিসেবে মানুষ আমাদের ওপর আস্থা রাখবেন। উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে।

ভোলা : ভোলা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, “জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। কথা ও কাজে মিল থাকায় সাধারণ মানুষ জামায়াতের ওপর আস্থা রাখছে।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোলা শহরে জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ভোলার মানুষের এই ভালোবাসা ও বিশ্বাসই প্রমাণ করে—আগামী দিনে আল্লাহর ইচ্ছায় জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হবে। তিনি বলেন, “আল্লাহ যদি আমাদের বিজয় দান করেন, তাহলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং লুটতরাজ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে আমরা কাজ করবো।”

তিনি আরও বলেন, “আজ আপনারা যে বিজয়ের উল্লাস করছেন, আগামী ১২ তারিখ নিজের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই আনন্দকে বাস্তবে রূপ দেবেন।”