বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দল সামলাতে পারেননা তারা দেশ চালাবে কিভাবে। ৫ আগস্টের পর তারা নিরিহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, পাকিস্তানের বৈষম্য আচরণের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত, তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষণ নৈরাজ্য করলো আওয়ামী লীগ। এরপর বার বার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি।

তিনি বলেন, এদেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত। বিচারিক হত্যাকান্ডসহ নানা নিপিড়ন হয়েছে। তবুও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোন নির্দোষ নীরিহ মানুষকে হয়রানী করিনি। কিন্তু একটি বড় দলের লোক মামলা বানিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।

জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ দেয় তাহলে সকলকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিব। পাচার হওয়া টাকা ওদের পেট থেকে বের করে আনা হবে। কেননা অর্থনীতির চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। তাছাড়া হিজলা মেহেন্দিগঞ্জের অবহেলিত জনপদের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে।

তিনি বলেন, তুমিও তো মায়ের সন্তান, তাহলে আরেক মাকে কেন সম্মান দিতে পারোনা? মায়েদের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আইডি হ্যাকের বিষয়ে জামায়াত আমির বলেন, মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকেনা। যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী লুন্ঠনকারী তৈরি করে, ঐ রাজনীতি আমরা চাইনা। তাই পরিবর্তনের জন্য হ্যা ভোট দিতে হবে। এতোদিন পাহাড়াদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করবো।