বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কটিয়াদী সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও (নিকলী বাজিতপুর) কিশোরগঞ্জ ৫ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

বেলা ১১ টায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টভাবে নিষ্পত্তি হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তিনি বলেন, এ ধরনের নোংরা রাজনীতি জনগণ আর দেখতে চায় না।

ডা. শফিকুর রহমান বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। তারা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। নারী ইস্যুকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার প্রকৃত রায়কে সম্মান জানাতে জামায়াতে ইসলামী প্রস্তুত।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি বৈষম্যহীন মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা কোন দেশকে প্রভু মানবো না তবে প্রত্যেক দেশের সাথেই আমরা সম্মানজনক বন্ধুত্ব রাখতে চাই। জুলাইয়ে যুবসমাজ বুকের রক্ত দিয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। ২৪ এর যুবকরা এখনো জেগে আছে। এই যুবকরা দেশে আর কোন বিভাজন দেখতে চায় না।

কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কিশোরগঞ্জ কোনো শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করা হবে। অনেকে প্রশ্ন করেন, এ অর্থ কোথা থেকে আসবে। দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা ফেরত আনতে পারলে উন্নয়ন কোনো সমস্যা নয়। বিগত দিনে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এই অর্থ তাদের পেটে হাত ঢুকিয়ে বের করে নিয়ে আসবো।

তিনি বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটাধিকার হরণ করতে পারবে না। কেউ বাধা দিতে এলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না। প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা সাহস নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন এবং জনগণকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিন জনগণ আপনাদের জন্য দোয়া করবে।

ডা. শফিকুর রহমান বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাইনা আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই।

বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন , কিশোরগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম , মঙ্গলবাড়িয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈবুজ জামান, সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুস সালাম, বাংলাদেশ নাগরিক পার্টির উত্তর অঞ্চলীয় সংগঠক আবু সাঈদ উজ্জল, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা অমুসলিম শাখার জেলা সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক, সাবেক জেলা নায়বে আমির অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, হিন্দু মহাজোটের যুব শাখার সভাপতি বিদ্যুৎ আচার্য, জুলাই বিপ্লবের শহীদ সিফাত উল্লাহর পিতা হাফেজ মাওলানা নুরুজ্জামান , ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ নাদিম, চাকসুর নির্বাচিত জিএস সাইফ বিন হাবিব, চাকসুর নির্বাচিত সদস্য মুশফিকুর রহমান, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা আব্দুল আহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিবিরের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাহফুজ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান আল মামুন, সাবেক শিবিরের জেলা সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, সাবেক শিবির জেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার, খেলাফত মজলিসের নেতা শফিকুল ইসলাম রুহানি, খেলাফত মজলিস নেতা মাওলানা আতাউল্লাহ আমিনী, জামায়াতে ইসলামীর সাবেক জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আকন্দ, কটিয়াদি পাকুন্দিয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ ৪ আসনের মনোনীত প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট রুকন রেজা শেখ, কিশোরগঞ্জ ৩ আসনে মনোনীত প্রার্থী, অধ্যাপক কর্নেল অব: ডা. জিহাদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আব্দুল মোমেন শের জাহান, প্রমূখ। প্রধান অতিথি কিশোরগঞ্জ ২,৩,৪,৫, ও ৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদেরকে প্রতীক সহ পরিচয় করিয়ে দেন।