বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতিতের নেতৃত্বে সততার অভাব ছিলো, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিলো না।

তিনি বলেন, দেশের প্রতি দায় ছিল না। এজন্য বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। আমরা আশা করব যবুকরা আমাদের হতাশ করবে না। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা.শফিকুর রহমান বলেন, নাহিদ ইসলামসহ এখানে দুজন প্রার্থী আছে, তবে নাহিদ ইসলামের জন্ম এখানে বেড়ে ওঠাও এখানে। আমি মায়ের কাছে মাসির গল্প শোনাতে চাইনা, আমার থেকে আপনারা নাহিদকে ভালো চেনেন। তবে এটা বলতে চাই ১১ দলীয় জোট যদি সরকার গঠন করতে পারে বা ইনসাফের পক্ষে যদি বাংলাদেশের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয় তাহলে সেই সরকারের অবশ্যই নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।

বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে— অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ লাল কার্ড দেখাবে।