বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করার জন্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের রাজনীতিকরণ করে জাতিগত বিভেদ সৃষ্টি করা হয়েছিল। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা বলা হয়েছিল, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। চব্বিশের জুলাই বিপ্লব ছিল বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই বিপ্লবের চেতনা মৌলিকভাবে একই ধারায় প্রবাহিত। নতুন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নুরুল মোস্তফা ও মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদ্দার আলী মানু প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।