বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, আইনজীবী পেশা একটি মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। তাকওয়া, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে এ পেশাকে আরও গৌরবান্বিত করা সম্ভব। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজে সুশাসন নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে আইনজীবী পেশাকে এগিয়ে নিতে হবে এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা শাখার সভাপতি এডভোকেট এ জে এম সালেহ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এবং এডভোকেট শহিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান, কুমিল্লা কোর্টের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং ড. মাওলানা হেফজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, অ্যাডভোকেট বদিউল আলম সুজন, এডভোকেট এরশাদুল হক, এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট মনির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।