নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে জনতার দরজায় পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। সারাদেশের মতো ঢাকা মহানগরী দক্ষিণেও ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থীরা দিন-রাত পাড়া-মহল্লা ও অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

ঢাকা মহানগরী দক্ষিণের সাতটি সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পাঁচজন এবং শাপলা কলি প্রতীকের দুইজন প্রার্থী এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর ঘোষিত ‘জনতার ইশতেহার’ বাস্তবায়নে ভোটারদের সমর্থন কামনা করছেন এবং নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

ঢাকা-৪: শান্তির জনপদ গড়ার অঙ্গীকার

ঢাকা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর দলীয় ও জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি গ্যাস সংকট, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে এলাকাকে শান্তির জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। অবহেলিত ঢাকা-৪ এলাকাকে আধুনিক নগরীতে রূপান্তরের সুস্পষ্ট পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

ঢাকা-৫: জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

ঢাকা-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন সকাল থেকে ডেমরা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিং ও গণসংযোগ পরিচালনা করেন। তিনি দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পরিকল্পনার কথা জানান এবং বন্ধ কলকারখানা চালু করে বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার করেন। একই সঙ্গে জনতার ইশতেহার পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা-৬: জনতার পরামর্শেই এলাকা পরিচালনার ঘোষণা

ঢাকা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান বিকেলে নিজের ১৪ দফাভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এসময় তিনি স্থানীয় জনগণের প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকা পরিচালিত হবে জনতার মতামত ও নির্দেশনার আলোকে।

ঢাকা-৭: ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়

ঢাকা-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ উর্দু রোড থেকে শুরু করে তাতখানা লেন, নাজিম উদ্দিন রোড, হোসনি দালান, কালেক্টরেট মসজিদ, জজকোর্ট এলাকা ও পলাশী ব্যারাকে ধারাবাহিক গণসংযোগ চালান। রাতে লালবাগ পঞ্চায়েত কমিটি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন।

ঢাকা-১০: জনসম্পৃক্ত উন্নয়ন পরিকল্পনা

ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার ধানমন্ডি, কামরাঙ্গীচর ও হাজারীবাগ এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে এলাকার সমস্যা সমাধানে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিটি আসনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণসংযোগে অংশ নিচ্ছেন। এতে ঢাকা মহানগরী দক্ষিণে জামায়াতের সাংগঠনিক শক্তি ও জনভিত্তি আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।