সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “মায়ের জাতি নারীরা যত বেশি সুশিক্ষায় শিক্ষিত হবে, তত বেশি জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো। একটি শিক্ষিত মা মানেই একটি শিক্ষিত প্রজন্ম। তাই নারী শিক্ষার অগ্রগতির জন্য আমাদের আরও ব্যাপকভাবে কাজ করতে হবে।”

তিনি শনিবার দুপুরে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শাহ আব্দুল জব্বার (র.) আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারী-পুরুষ উভয়ের সমানভাবে শিক্ষিত হওয়া অপরিহার্য। নারীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অনেক অপরাধ ও সামাজিক অবক্ষয় দূর হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা ভবিষ্যতের আলোকবর্তিকা। তোমাদের সততা, পরিশ্রম ও আদর্শিক জীবন গড়ার মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে। দাখিল পরীক্ষার পর উচ্চতর শিক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট ও অত্র মাদ্রাসার সভাপতি, রাহবারে বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদভী (ম.জি.আ.)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ইসলাম নারী শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমাদের সমাজে অনেক সময় ভুল ধারণার কারণে নারীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, যা কখনোই কাম্য নয়। নারীকে সুশিক্ষিত করে তুলতে পারলে একটি পরিবার, একটি সমাজ এবং একটি রাষ্ট্র আলোকিত হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, “এই মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো নারীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। শিক্ষার্থীদেরকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।