ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনী (রহ.) এর প্রতি সম্মান জানিয়ে ঢাকাস্থ ইরান এ্যাম্বাসিতে সংরক্ষিত খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৬ মার্চ) জুমআ বার সকালে শোক বইতে স্বাক্ষরের সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের প্রতি তাঁর অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত- এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।