পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, জায়নবাদ মুসলিম বিশ্বে অস্থিরতার প্রধান চালিকাশক্তি এবং এটি ‘মানবতার জন্য হুমকি’। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে।

খাজা আসিফ বলেন, “ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামি বিশ্বের ওপর যে প্রতিটি বিপর্যয় নেমে এসেছে, যে প্রতিটি যুদ্ধ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর পেছনে সরাসরি বা পরোক্ষভাবে জায়নবাদী মতাদর্শ ও রাষ্ট্রের হাত রয়েছে।”

একই সঙ্গে বাহ্যিক হুমকির বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে ঢাল হিসেবে উল্লেখ করে তিনি এর প্রশংসা করেন।

তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি একটি পারমাণবিক শক্তি এবং আল্লাহর কৃপা ও সাহায্যে, আমাদের সশস্ত্র বাহিনীর সামর্থ্য সারা বিশ্বে স্বীকৃত।”

খাজা আসিফ দাবি করেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত থাকলেও বর্তমান সংঘাত দেশটির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইসলামি বিশ্বের ঐক্য এবং শত্রু চিনতে পারার ক্ষমতা আল্লাহ আমাদের দান করুন। ফিলিস্তিন স্বাধীন হোক।

আমাদের মাতৃভূমি আজন্ম শক্তিশালী ও নিরাপদ থাকুক।”