ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হওয়ার পরে ফুলের তোড়া নিয়ে পরাজিত বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের বাসায় ছুটে গেলেন। সদ্য নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী শনিবার সকাল দশটায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসায় দলীয় নেতা কর্মীদের নিয়ে হাজির হন। এ সময় মাসুদ সাঈদী বলেন, আমরা একসাথে পিরোজপুরের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তিনি বলেন পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থা, পানির সমস্যা সমাধান সহ এলাকার উন্নয়নে যাবতীয় কাজ বিএনপি থেকে নির্বাচন করা বিজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সার্বিক ভূমিকা রাখবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে দাঁড়িয়ে সৌহার্দের স্মারক ফুলের তোড়া নিয়ে ফটোসেশন করেন।
এসময় মাসুদ সাঈদীর সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।