বাংলাদেশ জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি নতুন আশা ও প্রত্যাশা নিয়ে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের পাশাপাশি হ্যা ভোটে রায় দিয়েছে। গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা করলে জনগণ আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।
গতকাল জুমাবার সকালে নারায়ণগঞ্জের মুয়িদ ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার বার্ষিক মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শূরার অধিবেশনে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারাায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, প্রকৌশলী আবদুল বাকী, অধ্যাপক ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেও গ্যারান্টি ইসলাম। ইসলামী আদর্শের ভিত্তিতেই এ দেশে একটি ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে পারে। সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের মাঝে ইসলামী আদর্শেও পৌঁছে দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, এবারের জাতীয় নির্বাচনে জনগণের আশা প্রত্যাশা ছিল একটি ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগারো দলীয় জোটকে পরাজিত করা হয়েছে।
আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আরো অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি সকলকে আহ্বান জানান।