বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে “অটুট বন্ধনে প্রাবিয়ানদের ইফতার মাহফিল–২০২৬” ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাস সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কোরআনতেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত।
তিনি বলেন, “মাহে রমাদান আমাদের আত্মশুদ্ধি, আত্মগঠন ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো অন্যায়, চাঁদাবাজি বা কোনো খারাপ কাজে জড়িত থাকতে পারে না। রমজানের এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করতে হবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলাদেশের যে সেক্টরেই সেবা করবে, সেখানে তারা কখনো দুর্নীতি, অন্যায় বা অবিচারের সাথে আপোষ করবে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সম্মানিত সভাপতি মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “রমাদান আমাদেরকে সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার শিক্ষা দেয় এবং অন্যায়কে প্রশ্রয় না দিতে উদ্বুদ্ধ করে। প্রাইভেট ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোনো অন্যায়ের সাথে আপোষ করে না—এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার প্রমাণ আমরা গত ২৪ জুলাইয়ের আন্দোলনে দেখেছি। যখন অনেক পাবলিক ইউনিভার্সিটি আন্দোলন থেকে সরে যাচ্ছিল, ঠিক তখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে আন্দোলনকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটকালে তারা সঠিক নেতৃত্ব দেবে এই প্রত্যাশা করি, ইনশাআল্লাহ।
এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।