দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় বাধা ও কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং জামায়াতে ইসলামী মনোনীত ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খাজা আহমেদ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় জামায়াতের কয়েকজন নারী কর্মী নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের প্রচারণায় বাধা দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ওই এলাকার সরদ মন্ডলের ছেলে লিটন (৩৫) ও ইসার আলী মন্ডলের ছেলে নরশেদ (২৬)। অভিযুক্তরা জামায়াতের নারী কর্মী মোছা. মুর্শিদা খাতুন (৩৫), মোছা. লাকি খাতুন (২৫) সহ তাদের সঙ্গীদের অশ্লীল ভাষায় গালমন্দ, প্রাণনাশের হুমকি, শ্লীলতাহানি ও হামলা চালিয়ে তাদের আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে জামায়াতের কেউ ভোট চাইতে গেলে ‘দেখে নেওয়া হবে’ বলেও প্রাণনাশের হুমকি দেয়া হয়।