জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বিজয়ী এমপিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ পরস্পরের প্রতি সৌহার্দ্য ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে রাজনীতি অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী সদর-২ আসনের বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে শুক্রবার রাতে তাঁর নিজ বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ নেতৃবৃন্দ। তাঁরা নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন এবং রাজশাহীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে একসঙ্গে করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি’র বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। শনিবার দুপুরে হড়গ্রাম ইউনিয়নের অধ্যাপক আজাদের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এছাড়া শুক্রবার বিকেলে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি’র বিজয়ী প্রার্থী আবু সাঈদ চাঁদকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। আবু সাঈদ চাঁদ সলুয়া ইউনিয়নের চামটা গ্রামে নাজমুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।