স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, নারী সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ১১ দলীয় জোটের রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন।
বিকাল সাড়ে তিনটায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের বেলতলা মসজিদের পাশে অবস্থিত একটি মাদরাসা প্রাঙ্গণে নারী সমাবেশে অংশ নেন তিনি। এ সময় নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি নিরাপদ সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পরে বিকাল সাড়ে চারটায় ৪৭ নম্বর ওয়ার্ডের শিলমুন এলাকায় ইকরা মডেল স্কুল প্রাঙ্গণে আরেকটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সন্ধ্যায় মাগরিবের নামাজের পর গাজীপুর মহানগরের জুলাই চত্বর থেকে জোড় পুকুরপাড় পর্যন্ত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি, আর জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে এই লক্ষ্য অর্জন করতে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
রাত আটটার পর তিনি ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা খলিল মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন এনসিপি ও জামায়াতসহ ১১ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, যারা গণসংযোগ ও সমাবেশগুলো সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে বলে জানান আয়োজকরা।