নির্বাচন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মাদ আব্দুল মান্নান “ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ” প্রতিষ্ঠার অঙ্গীকারে জনতার ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর সদরঘাটে অবস্থিত বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এসময় ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, স্বাধীনতার পর একদলীয় শাসন, স্বৈরতন্ত্র ও সাম্প্রতিক ফ্যাসিবাদী শাসনের ফলে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ, দুর্নীতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত নিপীড়নের শিকার হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

এসময় ইশতেহারে ঢাকা-৬ আসনের জন্য তিনি ১৪ দফায় নিজের পরিকল্পনা তুলে ধরেন তুলে ধরেন। এর মধ্যে প্রাধান্য পেয়েছে Ñপুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করে পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, দুর্নীতি-মাদক-কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি, জননিরাপত্তা জোরদার এবং স্বাধীন মনিটরিং ব্যবস্থা গঠন।

শিল্প ও ব্যবসা খাতে আগামী তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য না বাড়ানো, ওয়ান-স্টপ সার্ভিস চালু, নতুন উদ্যোক্তা তৈরিতে বিজনেস ইনোভেশন হাব প্রতিষ্ঠা ও শ্রমিকদের অধিকার সংরক্ষণের অঙ্গীকার করেন তিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি স্বচ্ছভাবে বাস্তবায়ন, বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের আবাসন, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার কথাও ইশতেহারে তুলে ধরা হয়।

শিক্ষা খাতে ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষাবৃত্তি চালু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আইটি পার্ক, ফ্রিল্যান্সিং উৎসাহ এবং গ্রাজুয়েশন শেষে শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যখাতে আধুনিক সরকারি হাসপাতাল, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, বয়স্ক ও শিশুদের জন্য বিশেষ চিকিৎসা এবং কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের অঙ্গীকার করা হয়।

এছাড়া পরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, নারী ও শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক অবকাঠামো, যুব ও ক্রীড়া উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান, ডিজিটাল নাগরিক সেবা কেন্দ্র, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারের শেষাংশে ড. মোহাম্মাদ আব্দুল মান্নান বলেন, লাল-সবুজের পতাকা হৃদয়ে ধারণ করে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক ঢাকা-৬ গড়াই আমার স্বপ্ন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি যথাক্রমে মাহবুবা খাতুন শরিফা ও ডা. শাহানা পারভীন লাভলী। এছাড়াও ১১ দলীয় জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।