বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে হলে সৎ, সচেতন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে ইনসাফভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো লুটপাটের রাজনীতি করেনি, ক্ষমতার মোহে মানুষের অধিকার হরণ করেনি। বরং এ দল সব সময় আল্লাহভীতি, সততা ও জনকল্যাণকে সামনে রেখে রাজনীতি করেছে। দেশের মানুষের জান-মাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় দাঁড়িপাল্লা মার্কাই একমাত্র ভরসা। আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আজ সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। যুবসমাজ ধ্বংসের মুখে। পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ আমাকে অতীতে দুইবার সংসদে পাঠিয়েছিল। আমি তখন নিজের জন্য নয়, জনগণের জন্য কাজ করেছি। কোনো দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে কেউ তুলতে পারেনি। আগামীতেও যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি গতকাল শুক্রবার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন। এসময় ডেপুটি এটর্নি জেনারেল ও লোহাগাডা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ডঃ মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূর হোসেন।