সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর নির্বাচিত ছয় নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করেন।
তবে দুই ধরনের শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন এনসিপির নেতারা। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেছেন, গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।
এনসিপির আগে জামায়াতের এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শুধুমাত্র বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।