চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে ধাইনগর ইউনিয়ন জামায়াত।
বুধবার সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত দাবি করেন একটি গোষ্ঠী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণেদিতভাবে সামাজিক মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে।ধাইনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী এই ধরনের সংবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে, আমাদের ইউনিয়নের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি। প্রকৃতপক্ষে, যারা যোগদান করেছে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে মোঃ শাহ-আলম (৫ নং ওয়ার্ড) সাবেক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য ছিল, মোঃ মজিদ আলী (৪ নং ওয়ার্ড) দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ কর্মী ছিলেন। প্রকাশিত এসব সংবাদ বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা মনে করি, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনমনে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। আমাদের নেতা-কর্মীরা সংগঠনের আদর্শের প্রতি অবিচল, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল।
আমরা সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি—ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি।