বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ী ১৬ জন সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। নব-নির্বাচিত সংসদ সদস্যগণ হলেন মেহেরপুর-১ মোঃ তাজউদ্দিন খান, মেহেরপুর-২ মোঃ নাজমুল হুদা, কুষ্টিয়া-২ মোঃ আবদুল গফুর, কুষ্টিয়া-৩ মোঃ আমির হামজা, কুষ্টিয়া-৪ মোঃ আফজাল হোসেন, চুয়াডাঙ্গা-১ মোঃ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা-২ মোঃ রুহুল আমিন, ঝিনাইদহ-২ আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ-৩ মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ মোঃ আবু তালেব, যশোর-১ মোঃ আজিজুর রহমান, যশোর-২ মোঃ মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৪ মোঃ গোলাম রসূল, যশোর-৫ গাজী এনামুল হক, যশোর-৬ মোঃ মোক্তার আলী, নড়াইল-২ মোঃ আতাউর রহমান। রোববার ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় যশোর জেলা জামায়াতের অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মোবারক হোসাইন বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে হবে। এ সময় বিজয়ী ১৬ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় অঞ্চল টিম সদস্য মাওলানা আজীজুর রহমান, উপাধ্যক্ষ মহসিন আলী ও আব্দুল মতিনসহ সাতজন জেলা আমীর উপস্থিত ছিলেন। যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার কয়েকটি জায়গায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তা করা হয়েছে। তাদের বেশকিছু বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।