বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিএনপি সরকার সংসদে সংখ্যাধিক্যের ক্ষমতা অপব্যবহার করে জনগণের পবিত্র রায়কে আজ চরমভাবে অবজ্ঞা করছে। সরকারের এহেন একগুঁয়েমি ও জনবিমুখ অবস্থান আধিপত্যবাদের ইশারায় নব্য ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা। ১১ দলীয় ঐক্য সাধারণ জনগণকে সাথে নিয়ে হ্যাঁ ভোটের ম্যান্ডেটকে বাস্তবায়ন করেই ছাড়বে ইনশা-আল্লাহ্।

আজ (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণ জামালখানে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের উদ্যােগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ এর মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করুন। ১৯৭২ সালের সংবিধান সত্যায়নের জন্য ১৯৭০ সালের নির্বাচিত ন্যাশনাল ও প্রভিন্সিয়াল সদস্যদের দিয়ে যেমনভাবে 'গণপরিষদ' গঠিত হয়েছিল অনুরূপভাবে ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের দিয়েই গঠন করা হয়েছে 'সংবিধান সংস্কার পরিষদ'। ডকট্রিন অব নেসেসিটি হিসেবেই এটা মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, ভোটপ্রাপ্তির সংখ্যানুপাতে পিআর সিস্টেমে উচ্চ কক্ষ গঠন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, ভারসাম্যপূর্ণ সরকার, মেধা ভিত্তিক নিয়োগ এবং স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধির শাসন নিশ্চিত করুন। সরকারকে মনে রাখতে হবে ৫১℅ সমর্থন নিয়ে সরকার গঠন করে ৭০℅ সমর্থনের জনরায়কে উপেক্ষা করার সুযোগ জনগণ দেবে না। দাবি আদায় না করে জনগণ রাজপথ ছাড়বে না।

নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষে নেয়নি, ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না।

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন আগামী ১১ এপ্রিল ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, জাগপার নেতা মুহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ