গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি গোদাগাড়ীবাসীর প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। গণমিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ্, উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মো. শওকত আলী, প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।