সরকারি উন্নয়ন বরাদ্দের অধিকাংশ অর্থ সাধারণ মানুষের কল্যাণে নয়, বরং রাজনৈতিক নেতাকর্মীদের লালন-পালনের পেছনে ব্যয় করা হচ্ছে—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি বলেন, কাগজে-কলমে প্রকল্প দেখালেও বাস্তবে তার কোনো প্রতিফলন জনগণ পাচ্ছে না।
শুক্রবার (০৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারোয়ার, কসবা পশ্চিম ইউনিয়নের আমীর সালাহউদ্দিন আইয়ুবী, সেক্রেটারি গোলাম সাদেক, ছাত্রশিবির উপজেলা সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সাবেক জেলা সভাপতি হাফেজ নুরুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান, এডভোকেট জহিরুল ইসলাম রুমি, আবু হানিফ ভূঁইয়া, এনসিপি নেতা কাজী মোশাহেদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আতাউর রহমান সরকার বলেন, বিগত ৫৪ বছরে অনুমোদিত অনেক প্রকল্পের ৫০-৬০ শতাংশ বাস্তবায়নই হয়নি। কায়েমপুর ইউনিয়নের একটি মসজিদের নামে দুই দফায় চার লাখ টাকা বরাদ্দ থাকলেও মসজিদ কর্তৃপক্ষ কোনো অর্থ পায়নি। একইভাবে মেহারী ইউনিয়নের একটি মাদ্রাসার জন্য বরাদ্দ দুই লাখ টাকাও সংশ্লিষ্টরা পায়নি। তিনি দাবি করেন, এসব বরাদ্দের অর্থ রাজনৈতিক প্রভাবশালীদের পেছনেই ব্যয় করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দীর্ঘদিন দেশ শাসন করেছে। তাদের দক্ষতা থাকলেও সততার পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি। দুর্নীতি ও দলীয়করণের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ও নিরাপদ সমাজ গড়ে ওঠেনি।
উন্নত ও নিরাপদ কসবা-আখাউড়া গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবর্তন আনতে হলে পুরোনো নেতৃত্ব দিয়ে আর সম্ভব নয়। সততা, দক্ষতা, দেশপ্রেম ও আল্লাহভীরুতার পরীক্ষায় উত্তীর্ণ নেতৃত্বের হাতেই দেশ নিরাপদ থাকবে। জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি অঙ্গীকার করেন।
সমাবেশে তিনি প্রতিপক্ষের হুমকি ও কেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সেসব সাহসিকতার সঙ্গে মোকাবেলার আহ্বান জানান।
রাজনীতি
সরকারি বরাদ্দের অর্থ রাজনৈতিক নেতাকর্মীদের লালন-পালনে ব্যয় করা হয়: জামায়াত প্রার্থী আতাউর রহমান