জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ সালাম-বরকত হলের ছাদে এ আয়োজন সম্পন্ন হয়। এতে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।


শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার। আজ আমরা এই পবিত্র ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শহীদ সালাম-বরকত হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে বদ্ধপরিকর। আজকের এই আয়োজন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”


হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিফ বলেন, “গত বছরের মতো এ বছরও শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব অটুট থাকলে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা সম্ভব হবে।”


অনুষ্ঠানে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট, কোষাধ্যক্ষ, প্রক্টর, ওয়ার্ডেনসহ হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাবীব, সাকিব হোসেন, জাহিদ, শরিফুল রোমান, রেহমান আসিফ, হিরন, শাহিদ, মিরনসহ শহীদ সালাম-বরকত হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।