গত রোববার বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে মানিকগঞ্জ জেলার উদ্যোগে গণভোটের ফলাফল মেনে নিয়ে তা বাস্তবায়ন করা এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে।

ঢাকা আরিচা মহাসড়কের পাশে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম। জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এডভোকেট মো. আনোয়ার হোসেন, মানিকগঞ্জ পৌরসভা আমীর মু. হুমায়ুন কবির, সদর উপজেলা আমীর মু. ফজলুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আবুল হাশেম মোল্লা, এনসিপির নেতা আরিফ হাসান প্রমুখ। এতে বক্তারা অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের ফলাফল মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে দাবি করেন। গ্রামেগঞ্জে সরকারের চরম অবহেলায় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট দেখিয়ে পেট্রোল, ডিজেল, অকটেন সরবরাহ নিয়ে ন্যাক্কারজনক বাণিজ্য বন্ধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানান।পরে বিশাল একটি মিছিল বিভিন্ন শ্লোগান সহ বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিজয় মেলা মাঠে গিয়ে শেষ করে।