ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে পরিকল্পিত বিশৃঙ্খলা ও সহিংসতার মাধ্যমে সুষ্ঠু ভোটগ্রহণে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিলের আবেদন করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ইসরাফিল হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবিতে তিনি প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, দুপুরের দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন সংঘবদ্ধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে গন্ডগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। ফলে ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ব্যাহত হয়।
এ বিষয়ে এডভোকেট ইসরাফিল হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু নাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেভাবে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, তাতে ভোটারদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এমন পরিবেশে কখনোই সুষ্ঠু ও অবাধ ভোট সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা পেশিশক্তির নয়, জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন চাই। এজন্যই কেন্দ্রটির ভোট বাতিলের আবেদন জানিয়েছি।’
প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর কেন্দ্র এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে তারা মন্তব্য করেন।