বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬( বাঁশখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে পরাজিত করে বিজয় অর্জন করেন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১১২টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশের পর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ১৬৭ ভোট পান, আর ধানের শীষ প্রতীকে রিয়াজুল হান্নান পান ৮৩ হাজার ১০৫ ভোট। দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১০ হাজার ৬২ ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৭২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৫৮ দশমিক ৭৭ শতাংশ। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রধান দুই দলের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, যা ভোটের ব্যবধানেও প্রতিফলিত হয়েছে।

অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ লেয়াকত আলী ফুটবল প্রতীকে পান ৫৫ হাজার ৪৯২ ভোট।

ইসলামি আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ হাতপাখা প্রতীকে পান ৪ হাজার ৫৪ ভোট, গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে পান ২৪৩ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক চেয়ার প্রতীকে পান ৮৪৪ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ এহসানুল হক হারিকেন প্রতীকে পান ১০৫ ভোট।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন। তবে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচন ফলাফল ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল লক্ষণীয়। নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম শিগগিরই শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।