ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পরামর্শ দিয়েছেন যে, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ দখল করে নেয়, তাহলে তিনি আপত্তি করবেন না। তিনি জোর দিয়ে বলেছেন যে, তিনি এই ভূমিতে ইহুদি জনগণের অধিকারের কথা বলেছেন।

শুক্রবার প্রচারিত রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে, হাকাবিকে ইসরায়েলের ভৌগোলিক সীমানা সম্পর্কে জানতে চাপ দেওয়া হলে, তিনি যুক্তি দেন যে এই সীমানা বাইবেলে নিহিত রয়েছে।

কার্লসন হাকাবিকে বলেছিলেন যে বাইবেলের আয়াতে ইব্রাহিমের বংশধরদের জন্য জমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে ইরাকের ফোরাত নদী এবং মিশরের নীল নদের মধ্যবর্তী অঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে। এই ধরণের এলাকা আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করবে।

এর জবাবে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিযুক্ত হাকাবি বলেন, "তারা (ইসরায়েল) যদি পুরোটা দখল করে নেয় তাহলে ভালো হতো,"

তার এই বক্তব্যে হতবাক হয়ে যাওয়া কার্লসন হাকাবিকে জিজ্ঞাসা করেন যে তিনি কি সত্যিই পুরো অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণের অনুমোদন দেবেন?

তখন উত্তরে রাষ্ট্রদূত হাকাবি বলেন, "তারা তো এটি দখল করতে চায় না। তারা এটি দখল করতে বলছেও না।"

মার্কিন এই রাষ্ট্রদূত, যিনি একজন স্পষ্টবাদী খ্রিস্টান জায়নবাদী এবং ইসরায়েলের কট্টর সমর্থক, পরে তার বক্তব্য থেকে সরে এসে বলেন যে, এটি "একটি অতিরঞ্জিত বক্তব্য"।

তবুও, তিনি তার ধর্মীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে ইসরায়েলি সম্প্রসারণবাদের জন্য দরজা খোলা রাখেন। তিনি বলেন, “যদি তারা (ইসরায়েল) এই সমস্ত স্থান থেকে আক্রান্ত হয়, এবং তারা সেই যুদ্ধে জয়লাভ করে, এবং তারা সেই জমি দখল করে, তাহলে ঠিক আছে, তাহলে সেটা সম্পূর্ণ ভিন্ন আলোচনার বিষয়।”

ইসরায়েলের সম্প্রসারণের অধিকার সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাকাবির মতামতের সাথে একমত কিনা সে বিষয়ে আল জাজিরার মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি পররাষ্ট্র দপ্তর।