সংসদ নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত ‘‘বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও রমযানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক মুজিব বলেন, অনেক আন্দোলন ও প্রচেষ্টার পর ভোট অনুষ্ঠিত হলো। বিএনপির প্রস্তাব অনুযায়ী দুটি ভোট একই দিনে করা হলো। কিন্তু এখন তারা গণভোটের ফলাফল মানতে চাইছেন না। তিনি আশা করে বলেন, বর্তমান সরকারি দলের শুভ বুদ্ধির উদয় হবে। গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন। তিনি বলেন, জনগণের দ্বারা বিতাড়িত দলকে পুনর্বাসন করা হবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামীল।
এফডিইবি’র সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ- এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিইবি’র আহ্বায়ক প্রকৌ. কবীর হোসেন, আইডিইবি’র যুগ্ন আহ্বায়ক ও এফডিইবি’র সহ-সভাপতি প্রকৌ. মির্জা মিজানুর রহমান, এফডিইবি’র সহ-সভাপতি প্রকৌ. তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক প্রকৌ. মোঃ আবুল হাসেম, যুগ্ন সম্পাদক প্রকৌ. মোস্তফা কামাল, যুগ্ন সম্পাদক প্রকৌ. মোঃ আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌ. আবদুস সামাদ সরদার, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌ. মুহাম্মদ রায়হান মিঞা, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌ. মুমিনুল হক প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর কোরবান আলী বলেন, বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে, কিন্তু মানুষের আদর্শিক পরিবর্তন হয়নি। ইসলামের সৌন্দর্য, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আদর্শিক শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি।