বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে ভারতীয় ম্যালওয়্যার এবং বিভিন্ন সার্ভার ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দলটি। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে, যার সাথে দলের কোনো সম্পর্ক নেই
গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গত ৩১ মার্চ দলের আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টা ৫১ মিনিটে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট থেকেও একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়। বিষয়টি রাত ৯টা ১৫ মিনিটের দিকে নজরে এলে তা দ্রুত মুছে ফেলা হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর পরিচালিত গভীর ফরেনসিক বিশ্লেষণে হ্যাকিংয়ে ব্যবহৃত ম্যালওয়্যারটির উৎস ভারত বলে শনাক্ত করা হয়েছে। সিরাজুল ইসলাম অভিযোগ করেন, হ্যাকাররা বঙ্গভবনের অফিসিয়াল ই-মেইল ঠিকানার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ঠিকানা ব্যবহার করে মেইল পাঠিয়েছিল, যার সার্ভার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধিভুক্ত। এই মেইলটি শুধু কেন্দ্রীয় দপ্তরেই নয়, ঢাকা মহানগর দক্ষিণসহ আরও কয়েকটি ঠিকানায় পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়।
এ ঘটনাকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার এক মিনিটের মধ্যেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। রাতের মধ্যেই সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়, যা হ্যাকারদের সঙ্গে ওই গোষ্ঠীর যোগসাজশের ইঙ্গিত দেয় বলে দাবি করেন তিনি।
হ্যাক হওয়া পোস্টের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীর মর্যাদা, নিরাপত্তা ও ক্ষমতায়নে বিশ্বাসী। দলের আদর্শবিরোধী কোনো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ ধরনের হীন অপচেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, দ্রুত মামলা দায়ের করা হবে। পাশাপাশি সরকারকে বিষয়টি অবহিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে আরও আশঙ্কা প্রকাশ করা হয় যে, বিভিন্ন ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকতে পারে। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে সাইবার নিরাপত্তা জোরদার এবং সরকারি ব্যবস্থার অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াত নেতা।