ঢাকা ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান সকাল সাড়ে ৭টায় সপরিবারে গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করবেন।
এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন সকাল সাড়ে ৭ টায় গোপীবাগ সেন্ট্রাল উইমেনস কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্ব স্ব প্রার্থীর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসনটি গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন ও তৃতীয় লিঙ্গ ৩ জন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল মান্নান।
এছাড়াও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আমির উদ্দিন আহমেদ (ডালু), গণফ্রন্ট থেকে মাছ প্রতীকে আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে মো. ইউনুস আলী আকন্দ ও গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।