গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের ২৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

গজারিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন সরকার মিশু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন ও বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুকে বহিষ্কারের ঘটনায় তারা চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ। পদত্যাগকারীরা জানান, আজ থেকেই তারা বিএনপি ও ছাত্রদলের কোনো কার্যক্রমে যুক্ত থাকবেন না। বরং মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। একই সঙ্গে তারা দাবি করেন, আগামী দিনে আরও অনেক নেতাকর্মী বিএনপি ও সহযোগী সংগঠন থেকে পদত্যাগ করবেন।

পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সিকদার, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ পলাশ ও রাজিব হাসান প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের নোমান বিল্লাহ বাবু, টেংগারচর ইউনিয়ন সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়ন সভাপতি শহিদ জিয়া, গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, ইমামপুর ইউনিয়ন সভাপতি বাঘ মাসুদ, গজারিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মো. সালমান, সাধারণ সম্পাদক আল আমিনসহ মোট ২৫ জন নেতাকর্মী।