সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকের পক্ষের সঙ্গে আসমত আলীর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল ফেলা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলীর পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী বলেন, নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।