বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। ভোটের দিন নিজে ভোট দিয়ে ফলাফল পর্যন্ত কেন্দ্রে অপেক্ষা করতে হবে। তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়া-৬ সদর আসনের নেতৃবৃন্দকে নির্দেশ দিন। শনিবার দুপুরে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত সদর আসনের পৌরসভা ও সদর উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। মতিনিবময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দুপুর ১২টার পর তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বগুড়া-৭ আসনের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর ও বগুড়া -৫ আসনের শেরপুর উপজেলার ধুনট মোড়ে ধানের শীষের পক্ষে পথসভায় বক্তব্য প্রদান করেন। তিনি এসব সভায় ধানের শীষ বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। বগুড়া জেলা বিএনপি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারেক রহমান দলীয় নেতৃবৃন্দকে নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। বর্তমানে দলে নিজের অবস্থান অর্থাৎ দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমার পক্ষে আগের মত আপনাদের সময় দেওয়া সম্ভব হবে না এবং বগুড়ায় অবস্থান করাও সম্ভব হবে না। এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে ধানের শীষের কান্ডারীর ভূমিকা পালন করতে হবে।’ বগুড়াবাসীর প্রতি নিজের ভালবাসার কথা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমান বলেন, দল যখন ক্ষমতায় ছিল তখন বগুড়ার উন্নয়নে আমরা কাজ করেছি। আবার যখন বিরোধী দলে ছিল তখন শীত বস্ত্র বিতরণ এবং বন্যার্তদের সহায়তাসহ নানা ধরনের কাজ করা হয়েছে। আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, বগুড়ার কোথায় কি করতে হবে সেটি আমি জানি। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের পাশাপাশি ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট একে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ। বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওার পথে বেলা ২ টার দিকে বগুড়ার শেরপুরে পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। পথসভায় তারেক রহমান বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে বিজয়ী করার আহ্বান জানান। পরে তিনি দলীয় প্রার্থী সিরাজের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।